বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাউলদের ওপর হামলার ঘটনার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধতা’ বলে মন্তব্য করা পরিস্থিতিকে উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে।
ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বুধবার বাউলদের ওপর হামলায় দুজন আহত হন। ঘটনাস্থলে থাকা মির্জা ফখরুল এ হামলাকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ’ বলে মন্তব্য করেন। এই বক্তব্য নিয়েই আপত্তি তোলেন মামুনুল হক।
তিনি দাবি করেন, বাউল আবুল সরকার প্রকাশ্যে আল্লাহ ও ইসলামের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ায় জনগণের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ক্ষোভের ভিত্তিতে তাঁর গ্রেপ্তারকে ‘আইনের শাসন প্রতিষ্ঠার অংশ’ বলেও উল্লেখ করেন তিনি। তবে আবুল সরকারের সমর্থকেরা মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেন মামুনুল।
তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহল ‘ধর্মবিরোধী বক্তব্য’ আড়াল করে ওই বাউলের পক্ষ নিচ্ছে। মামুনুল বলেন, অপরাধীকে রক্ষা করতে গিয়ে তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে উগ্রবাদ বলা অন্যায়। তাঁর দাবি, আল্লাহদ্রোহী বক্তব্য দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ, আর এর বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল ‘ইমানি দায়িত্ববোধের’ প্রকাশ।
বিবৃতির শেষাংশে রাজনৈতিক নেতাদের ধর্মীয় বিষয়ে আরও সংযত ও দায়িত্বশীল মন্তব্য করার আহ্বান জানান তিনি।
